পাপা বাবাকার দিওয়ারা.... টিভির পর্দায় যখন ধ্বনিত হচ্ছে সুমন চক্রবর্তী'র এই আইকনিক কমেন্ট্রি, কল্যানী স্টেডিয়াম তখন আসন্ন কোভিড ভাইরাসের ভ্রুকুটি কে উপেক্ষা করে মেতে উঠেছে সবুজ মেরুন অকাল হোলি'তে!

দীর্ঘ ৭-৮ মাসের নিরলস প্রচেষ্টা, যার ফলস্বরূপ অনেক বাধা কে জয় করে ২০২০তে আজকের দিন, ১০ ই মার্চ আইজল কে হারিয়ে আই-লীগ ট্রফি দ্বিতীয়বারের জন্য এসেছিলো গঙ্গা পাড়ের তাঁবুতে। পুরো আই লীগ জুড়ে কিবু ভিকুণার ম্যাজিকে ভর করে champagne football উপহার দিয়ে লীগ জিতেছিলো মোহনবাগান। কিন্তু, রাস্তাটা কি এতো সহজ ছিলো?
২০১৪-১৫এ ৫ বছরের ট্রফি ক্ষরা কাটিয়ে যখন প্রথমবার আই লীগ আসে মোহনবাগানে, যেনো ভারতীয় ফুটবলে তখন থেকেই সূচনা হয় মোহনবাগান ২.০'র। কাপ কম্পিটিশনের সাথে ঘরোয়া লীগেও কম্পিটিটিভ হয়ে ওঠে সঞ্জয় সেনের বাগান ব্রিগেড। ভারত সেরা স্কোয়াড়, ড্রেসিং রুম থাকলেও, ১৪-১৫র পুরো দুবার একেবারে শেষ মুহূর্তে লীগ জয় থেকে পিছলে গেছিলো মোহনবাগান। ২০১৭-১৮এ আইএসএল কে reform করা হলে মোহনবাগানের ভারত সেরা দলে ভাঙ্গন আসা ছিলো অনিবার্য, আর সেটাই হয় সেবারে। একের পর এক জাতীয় দলের খেলায়াড় ছাড়তে থাকেন মোহনবাগান। তা সত্ত্বেও মাত্র ৪ পয়েন্টের জন্য লীগ পায়নি সেবারে মোহনবাগান।
২০১৮-১৯ মরসুম টা সাম্প্রতিক ইতিহাসে ছিলো সবচেয়ে খারাপ, ক্লাবের ভিতরের কোন্দলের রেশ পড়ে দলের ওপরেও। সেবারে 'কোয়েস' আসায় অনেক বছর পরে আই লীগে বেশ ভালো জায়গায় ছিলো ইষ্টবেঙ্গল। আলেহান্দ্রো'র হাত ধরে যখন তারা আই লীগে দ্বিতীয় স্থানে শেষ করছে, মোহনবাগান তখন ৫ম স্থানে, যা মোহনবাগানের মতো ক্লাবের কাছে লজ্জার। নতুন ইনভেস্টর পেয়ে তখন ইষ্টবেঙ্গল সমর্থকরা ধরাকে সরা জ্ঞান করতে চালু করেছে, ঘুগনি বিক্রেতা রাহুলের ওপর আক্রমন, মাঠে কদর্য টিফো, ফুটবল দেবতা বোধহয় সবকিছুরই হিসেব রাখছিলেন!
পরের মরসুম যে মোহনবাগানের একটা Dynasty তৈরির সূত্রপাত হবে, তা আর কে কল্পনা করেছিলো! মোহনবাগানের পরিত্রাতা হিসেবে কলকাতা এলেন কিবু ভিকুনা। তাকে ভিকুনা না বলে 'হ্যামলিনের বাঁশিওয়ালা' ও বলা চলে। মোহনবাগানে শুরু হলো স্প্যানিশ যুগ!
কিবুর হাত ধরে বাগানে নতুন বসন্তের আভাস পাওয়াই যাচ্ছিলো! মোরান্তে, গঞ্জালেজ, বেইতিয়ার আলোক দ্যুতি আভাস দিচ্ছিলো 'তিকি-তাকা' বিপ্লবের! তবে ডুরান্ড ফাইনালে হার, সিএফএল না জেতা প্রশ্নচিহ্ন তৈরি করছিলো অনেক। কিবু সবকিছুর মুশকিল আসান হিসাবে কিবু আনেন জুলেন কলিনাস কে। মোহনবাগানের আশা ছিলো জুলেন উইং দিয়ে ক্রিয়েটরের কাজ করবেন। এছাড়া ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস'ও যোগ দেন কিবুর দলে।
আই লীগের আগে শেখ জামাল ধানমন্ডি কাপ খেলতে যায় বাগান শিবির; সেমি ফাইনালেই থামে কিবুর নৌকা। সবকিছুর মধ্যে গোল না করতে পারা টা একটা বড়ো সমস্যা হয়ে দেখা দিচ্ছিলো মোহনবাগানে। বার্সেলোনা বি দলে খেলা স্ট্রাইকার সালভা চামোরো যখন এসেছিলেন, তার থেকে আশা করা হয়েছিলো গোলের পর গোল। কিন্তু, বাস্তব টা ছিলো একেবারে আলাদা; সালভা এরিয়াল বলে ভয়ঙ্কর ছিলেন বটে, কিন্তু, কিবুর তিকি তাকা'র জন্য একেবারেই মানানসই হয়ে উঠতে পারেননি। এরপরেও মোহনবাগান সালভা কে দেখতে চেয়েছিলো আই লীগে, কিন্তু, সেখানেও প্রথম দু'ম্যাচে ব্যার্থতার পর মোহনবাগান একটা সময়োপযোগী সিদ্ধান্ত নেয়। এমন একটা সিদ্ধান্ত, যা বদলে দেবে কিবুর বাগান কে। স্প্যানিশ ফুটবলে বেশ বড়ো নাম সেভিয়া। সেই সেভিয়ায় হয়ে লা লীগা খেলা এক প্লেয়ার আসবেন আই লীগে? ২০২৪-২৫ এ ব্যাপারটা জলভাত হলেও ২০১৯ এ ব্যাপারটা শুনতে বেশ অবাস্তবই ছিলো। সেই অসম্ভব কেই সম্ভব করে আই লীগ জিতেছিলো মোহনবাগান। ২০১৯-২০ তে পাপা বাবাকার দিওয়ারা'র আগমন এবং তার ১২ ম্যাচে ১০ গোল মোহনবাগান কে একটা Good team থেকে Great Teamএর Transition এ মারাত্মক সাহায্য করেছিলো।
পাপা ছাড়া আসেন কোমরণ, আহত জুলেনের জায়গায়। অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলে নেন আশু মেহতা এবং গুরজিন্দর, অধিনায়ক ধনচন্দ্র, গোলে শঙ্কর, মাঝমাঠে শেখ সাহিল, উইং-এ নাওরেম, ভিপি সুহের, সাহিল, এবং বেঞ্চে সুপার সাব শুভ, একটা স্বপ্নের দল হয়ে ওঠে সেবার মোহনবাগান। বিদেশীরাও হয়ে ওঠেন ঘরের ছেলে; ফ্র্যান গঞ্জালেজ, ফ্র্যান মোরান্তে, ড্যানিয়েল সাইরাস, পাপা দিওয়ারা, কোমরণ তুরসুনভ; মোহনবাগান যতদিন থাকবে, এই নাম গুলোও অমর হয়ে থেকে যাবে বাগানের ইতিহাসে।
আজ ১০ই মার্চ, মোহনবাগানের Red Letter Day, আজকের দিনে ২০২০ তে মোহনবাগান ৫ম লীগ খেতাব ঘরে আনে; মোহনবাগান প্রমান করে দিয়েছিলো সেদিন, মোহনবাগান ভারতীয় ফুটবলের শেষ কথা ছিলো আছে থাকবে। কিবু ভিকুনা প্রমান করেছিলেন চচ্চড়ির মশলা দিয়ে সত্যিই বিরিয়ানি রান্না করা যায়!
পাস না অনার্স? ৮০ মিনিটে করা জয়সূচক গোলে পাপা বাবাকার দিওয়ারা চেঁচিয়ে বলেছিলেন, উত্তরটা, 'মোহনবাগান'!
Follow MBFT on Twitter, Facebook, Instagram, Youtube, Telegram, Whatsapp & Google News to stay updated with all the Mohun Bagan & Indian Football related News & Updates. Jai Hind Jai Bharat! Joy Mohun Bagan!